রেমিট্যান্স যোদ্ধাদের সেবা প্রদানে সবাইকে আরো আন্তরিক হতে
হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ
ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
নতুন নিয়োগপ্রাপ্তদের সেবা ও ব্যবহারের ওপর মন্ত্রণালয়ের ভাবমূর্তি নির্ভর করে জানিয়ে তিনি বলেন, সেবা প্রত্যাশীরা অনেক আশা নিয়ে আপনাদের কাছে সেবা নিতে আসে। আপনারা যত স্বচ্ছ সেবা প্রদান করবেন মন্ত্রণালয়ের ভাবমূর্তি তত উজ্বল হবে।
শনিবার (২৩ মার্চ) ঢাকাস্থ বাংলাদেশ-কোরিয়া টিটিসিতে জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নতুন যোগদানকৃত কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর সভাপতিত্ব করেন। জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিভিন্ন পদে প্রায় ৩০০ নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছে।
নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সর্বদা স্বচ্ছ, কর্মঠ ও বিনয়ী হতে হবে। আপনাদের কাছে আসা সেবা প্রত্যাশী কারা, সেটি বুঝতে হবে। তারা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের প্রতি বিনয়ী ও আন্তরিক আচরণ করতে হবে। নিজের কাজে ফাঁকি না দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় মান্ধাতা আমলের যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেয়া হয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রশিক্ষণ নতুন প্রজন্মের কাজে লাগছে না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় আধুনিক যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, শুধুমাত্র প্রবাসীদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই হবে না, প্রশিক্ষকদেরও
প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। আমি আশা করছি, আধুনিক
যন্ত্রপাতির সমন্বয়ে কিছুদিনের মধ্যে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো ঢেলে সাজাতে সক্ষম হব।










