মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকালের এ বিক্ষোভ থেকে সদর উপজেলার রাজারামপুর ও নামোরাজারামপুর গ্রামের পাশের মহানন্দা নদীর বিস্তীর্ণ এলাকা থেকে বালি উত্তোলন বন্ধের দাবি তোলেন স্থানীয়রা। 

বিক্ষোভ-পূর্ব মানববন্ধনে অংশ নেয় স্থানীয় সহস্রাধিক মানুষ। তারা নতুন করে বালুমহাল ইজারা না দিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানায়। বিশেষ করে রাজারামপুর মালোপাড়া পিয়ার বিশ্বাস ঘাটে ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে ড্রেজিং ও ফসলি জমির মাটি কাটা অবিলম্বে বন্ধের দাবিতে আওয়াজ তোলে তারা। 

স্থানীয়রা জানান, সদর উপজেলার ৭ ও ৮ নং ওয়ার্ড-সংলগ্ন মহানন্দা নদী থেকে প্রায় ২৫ বছর অবৈধভাবে ড্রেজারের সাহায্যে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করা হচ্ছে। সেই বালি ঘনবসতিপূর্ণ গ্রামের মধ্য দিয়ে পরিবহন করা হচ্ছে। ফলে গ্রামের একমাত্র রাস্তাটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে বিভিন্ন স্থাপনা ও কৃষিজমি ভাঙনের কবলে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এলাকাবাসীর স্বার্থে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর রাজারামপুর ও নামো রাজারামপুরের পাশ দিয়ে প্রবহমান মহানন্দা থেকে বালি উত্তোলন করা হচ্ছে। এছাড়া নদীসংলগ্ন বিস্তীর্ণ ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এ নিয়ে বহু আন্দোলন, গণমাধ্যমে সংবাদ প্রচার, প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এসব বালি ও মাটি বহনকারী যানবাহনের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি দেয়া হয়। এতে আসন্ন বাংলা নববর্ষে নতুন করে বালুমহাল ইজারা না দেয়ার আহ্বান জানানো হয়।