রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ (৪৫) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। গতকাল দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কুদ্দুস শেখ সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মজিদ শেখের ছেলে। আহতরা হলেন ধুলদী জয়পুর গ্রামের মৃত সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার (৪৫) ও জলিল সরদারের ছেলে জিয়া সরদার (৪২)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত নইমদ্দিন সরদার জানান, গতকাল সকাল থেকে তিনি, জিয়া ও কুদ্দুস বড় ভবানীপুর গ্রামের ওসমান কাজীর মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানের পাশে করিমের বাড়ির বারান্দায় গিয়ে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা তিনজনই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বসন্তপুর স্টেশন বাজারের পল্লী চিকিৎসক হারুনের কাছে নিয়ে এলে চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।
পল্লী চিকিৎসক হারুন জানান, আমার কাছে আসার আগেই কুদ্দুস শেখ মারা যান।










