কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আবারো পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার ৪৫ বিঘা জমির বরজ পুড়ে গেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত। বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি খুশিরপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৩৫ কৃষকের চার হাজার পিলি পানের বরজ পুড়েছে। প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাটুয়াকান্দির ফরজ আলী ফরাজির পানের বরজে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তীব্র তাপপ্রবাহের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, শ্রমিকদের বিড়ির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডু জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ৪০-৪৫ বিঘা পান বরজ পুড়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য।
এর আগে ১০ মার্চ একই এলাকায় ও পাশের কয়েকটি গ্রামে পানের বরজে আগুন লাগে। এতে প্রায় ৩০০ বিঘা জমির পান পুড়ে যায়।










