আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। তিনি বলেন, কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেয়া হবে না, দুর্নীতির মামলাও দেয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।

গতকাল মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে উভয় বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে আইন মন্ত্রণালয়ে স্বাগত জানান।

আইনমন্ত্রী বলেন, বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির কোনো সংজ্ঞা নেই। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারকের সৎ-অসৎ এ জায়গায় আমি দেখতে চাই না।

তিনি আরো বলেন, যাদের মনে হবে যে চাকরির টাকায় সংসার চলে না, যাদের এ টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক, কারণ তাদের অবসরের পরে ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার ‘‌কমন মেসেজ’।

দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, যদি কেউ মনে করেন যে দুর্নীতি করে পার পাবেন, এটা এখানে পাবেন না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেব না, সঙ্গে একটি দুর্নীতির মামলাও দেয়া হবে। এ বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।