নড়াইল সদর হাসপাতালের ইউজার ফির ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাতের ঘটনায় হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। শনিবার বিকালে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা রেকর্ড হয়।
দুদক সূত্রে জানা গেছে, জাল-জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাতের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ওই মামলা হয়। হাসপাতালের ইউজার ফির ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর সম্প্রতি হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে এজহার দাখিল করেন। জাহান আরা খানম নড়াইল শহরের আলাদাতপুরের মৃত মো. তছিকুল ইসলামের মেয়ে।










