শিক্ষার্থী না হয়েও ভুয়া পরিচয়ে সাড়ে তিন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন সাজিদ উল কবির। বিভাগের ১৩তম ব্যাচের ক্লাস-পরীক্ষা; এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন বৈধ শিক্ষার্থীর মতোই। সর্বশেষ গতকাল ষষ্ঠ সেমিস্টারের একটি কোর্সের পরীক্ষা চলাকালীন ধরা পড়েন তিনি। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ওই বিভাগের শিক্ষার্থী নন।
বিভাগীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতেন। ব্যাচের সবাই তাকে (সাজিদ) সহপাঠী ভেবে এসেছেন এত দিন। বুধবার একটি কোর্সের পরীক্ষা চলাকালে সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ছাত্রত্বের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী বলেন, ওই শিক্ষার্থী একটি রোল নম্বরে পরীক্ষা দিচ্ছিলেন, যেটি তার নয়। প্রাথমিকভাবে তাকে আমাদের বিভাগের ছাত্র নয় বলে শনাক্ত করেছি। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।










