রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বালুখালী ইউনিয়নের স্বপ্নদ্বীপ নামক রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম মো. ইফরাত (২৬)। তিনি ঢাকার পুরাতন নাজিরাবাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ইফরাত তার ছয় বন্ধুর সঙ্গে রিসোর্টে ঘুরতে এসেছিলেন। শনিবার সকালে তারা কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নামেন। একপর্যায়ে কায়াকিং করার বোটটি উল্টে গেলে ইফরাত পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পাওয়ার পর রাঙ্গামাটি ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বেলা সোয়া ১১টার দিকে ইফরাতের মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পরিদর্শক মো. মুর্শিদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তিনি জানান, পানিতে ডুবে যাওয়ার সময় ইফরাতের গায়ে কোনো লাইফ জ্যাকেট ছিল না।

উদ্ধার অভিযানে ডুবুরি ইউনিটের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে সজীব, এমরান ও নুরুল ইসলাম অংশ নেন। বেলা সোয়া ১১টার দিকে তারা হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন। পরে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মরদেহটি স্থানীয় কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।