বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাত জন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে এটি ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরো সাত জন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, দুর্ঘটনায় বাসটি খাদে পড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে৷ নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।