নারায়ণগঞ্জের সোনারগাঁয় পেপার মিলের পাল্পার ট্যাংকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর তানভীর পেপার মিলে এ ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ (১৮) রংপুরের কাউনিয়া উপজেলার আড়াজিয়া হরিশ্বর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

শাকিল তানভির পেপার মিলে রিয়েন্ডার সেকশনে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পেপার মিলের পাল্পার হাউজে পড়ে গেলে রাত ৮টার দিকে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ বেরিয়ে আসে।

নিহত শাকিলের দুলাভাই বকুল জানান, দেড় বছর যাবত তিনি এ পেপার মিলে কাজ করছিলেন। শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে তিনি নিখোঁজ হন। পরে রাত ৮টার দিকে তার ছিন্নভিন্ন মরদেহ পাল্পারের ভেতর থেকে বেরিয়ে আসে।

এ ঘটনার পর মেঘনা শিল্পনগরী এলাকায় তানভীর পেপার মিলের সামনে শত শত শ্রমিক ও এলাকাবাসী ভিড় করেন। তানভীর পেপার মিলের ঠিকাদার দেলোয়ার হোসেন বলেন, শাকিল আহমেদ আমার দায়িত্বে তানভীর পেপার মিলে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় অসাবধানতাবশত পাল্প মেশিনে পড়ে নিহত হয়েছেন। পরে আমরা মেশিনের অপারেটরদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।