বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ছোট পোটকাখালী খেয়াঘাট বাজার থেকে নলী পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার। ছোট পোটকাখালী থেকে লেমুয়া পর্যন্ত তিন কিলোমিটার সর্বশেষ সংস্কার করা হয়েছে ২০২২ সালে। তবে লেমুয়া থেকে নলী বাজার পর্যন্ত সড়কটির প্রায় নয় কিলোমিটার এক দশকেও সংস্কার হয়নি।

সংস্কারের অভাবে সড়কটির নয় কিলোমিটার অংশের বিটুমিন ও খোয়া উঠে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনাসহ পথচারী ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এ বিষয়ে এলজিইডির উপসহকারী প্রকৌশলী সঞ্জীব কুমার তালুকদার বলেন, ‘এরই মধ্যে লেমুয়া থেকে সড়কটির তিন কিলোমিটার সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। পরবর্তী সময়ে বাকি সড়ক সংস্কারে প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হবে। চলতি অর্থবছরেই সড়কটি সংস্কারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের প্রধান সড়ক এটি হলেও চার-পাঁচ বছর আগে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সর্বশেষ ১০-১২ বছর আগে সড়কটি সংস্কার করা হয়। এরপর মেরামত না করায় সড়কের অনেক স্থানে বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলে ধীরগতিতে।

ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল হক স্বপন বলেন, ‘ঢলুয়া ইউনিয়নের একমাত্র সড়কটি সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে যায়। কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসা করাতে নিয়ে যেতে পারে না। কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে গেলে কিংবা জরুরি প্রয়োজনে বরগুনায় যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জনস্বার্থে সড়কটি সংস্কার দরকার।’