নরসিংদীতে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যাকাণ্ডের ছয়দিনের মাথায় ভগিরথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১২টার দিকে মেহেরপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে নিজবাড়ি ফেরার পথে ভগিরথপুর ওবায়দুল্লা টেক্সটাইলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করছে পুলিশ।
নিহত মাহাবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভগিরথপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১১টার দিকে ভগিরথপুর চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফিরছিলেন। ভগিরথপুর শাহী ঈদগাহ সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় মাহাবুবের সহযোগী পাপ্পু গুলিবিদ্ধ হন।
নরসিংদীর ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানকে বাঁচাতে গিয়ে পাপ্পু গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেয়া হচ্ছে।
এর আগে ২২ মে নরসিংদীর রায়পুরায় নিহত হন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া।










