টাঙ্গাইলে ছোট ভাইয়ের বউকে হত্যার দায়ে ভাশুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ডও দেয়া হয়েছে। গতকাল টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম জানান, উত্তর পৌলী এলাকায় ডিস লাইনের তার চুরির ঘটনায় সালিশে ফরমান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ছোট ভাই নুর ইসলামের বউ আছিয়া বেগম বিভিন্ন সময় সেই টাকা দেয়ার জন্য তাকে চাপ দিতে থাকেন। এর জেরে ২০০৬ সালের ১ আগস্ট সকালে নিজ বাড়িতে ফরমান আলী ছোট ভাইয়ের বউ আছিয়াকে কুপিয়ে হত্যা করে।