নাটোরের চলনবিলে অভিযান চালিয়ে পাঁচটি বক, পাখি শিকারের ফাঁদসহ দুই শিকারিকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেছেন পরিবেশকর্মীরা। পরে এক পাখি শিকারিকে ৫ হাজার টাকা জরিমানা, অন্যজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল ইমরান।
গতকাল সকালে সিংড়ার দুর্গম চলনবিলের শান্তানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এ সময় পাখি শিকারের জন্য ২০০ মিটার কারেন্ট জাল, পাঁচটি বকসহ হরিণা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহ আলম ও কলম সূর্যপুর গ্রামের রেজাউল করিমের ছেলে নাইম হোসেনকে আটক করেন তারা। পরে উপজেলা প্রশাসনের কাছে আটককৃতদের সোপর্দ করেন পরিবেশকর্মীরা। এস ময় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান শাহ আলমকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্য শিকারির বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
অভিযানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমামসহ অন্যরা উপস্থিত ছিলেন।










