ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের মধ্যে দক্ষিণখান ও উত্তরখানের প্রধান সড়কের চলমান উন্নয়ন কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে দক্ষিণখানের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
এ সময় প্রশাসক বলেন, আগামী নভেম্বরের মধ্যে দক্ষিণখান ও উত্তরখানের প্রধান দুটি সড়ক যান চলাচলের উপযোগী করে দেয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
পরিদর্শন শেষে তিনি বলেন, এই এলাকার টেকসই উন্নয়নের জন্য উন্নয়ন কার্যক্রম চলছে। রাস্তা ও ড্রেনেজ নির্মাণের কারণে জনগণের কিছুটা ভোগান্তি হয়েছে। তবে কাজের গতি বাড়িয়ে দ্রুত শেষ করা হবে।
তিনি আরো বলেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুটা দেরি হলেও ডিসেম্বরের মধ্যেই সব কাজ শেষ হবে।
ডিএনসিসি প্রশাসক জানান, দক্ষিণখান ও উত্তরখানের প্রধান সড়কসহ পুরো এলাকায় টেকসই অবকাঠামো উন্নয়নের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রথম ধাপের প্রকল্প বাস্তবায়ন হলে পরবর্তী ধাপে আরো প্রকল্প নেয়া হবে। কাজ শেষ হলে ডিএনসিসির পুরনো এলাকাগুলোর সঙ্গে নতুন এলাকাগুলোর সেবার পার্থক্য থাকবে না।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির চলমান কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির নিয়মিত কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিটি এলাকায় সকালে লার্ভিসাইডিং ও বিকালে ফগিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমও চলছে।
এ সময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










