ঝালকাঠির নলছিটিতে বাড়ি থেকে পালিয়ে পুলিশে খবর দিয়ে নিজের বাল্যবিবাহ ঠেকাল ইতু মনি নামে এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা-মা মারধর করে তাকে বাড়িতে আটকে রাখেন। গতকাল বিকালে প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ের কথা ছিল তার।
ওই ছাত্রী সকাল ৬টার দিকে কৌশলে বাড়ি থেকে পালিয়ে এক বান্ধবীর বাসায় যায়। পরে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহযোগিতায় নলছিটি উপজেলা প্রশাসন ওই ছাত্রীকে উদ্ধার করে। ইতু মনি (১৪) উপজেলা খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পরে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে বাবা নুরুল ইসলাম হাওলাদার ও মা দুলু বেগমের কাছ থেকে মুচলেকা রেখে ওই ছাত্রীকে তাদের জিম্মায় দেয় উপজেলা প্রশাসন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘মেয়েটির বিয়ের বয়স হয়নি। তাকে বাবা-মা জোর করে প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছে। মেয়েটি ভয়ে বাড়ি থেকে পালায়। আমাকে ফোনে সে বিস্তারিত বলে। আমি বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানাই। পুলিশ এসে তাকে উদ্ধার করে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ‘ইতু নবম শ্রেণীতে পড়ে। ওকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়। আমি মেয়েটির পাশে দাঁড়িয়েছি। তাকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত যেন বিয়ে দেয়া না হয়, এ ব্যাপারে নজর রাখব।’










