ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন 'রিসেট বোতাম চাপার' কথা বলেছিলেন, তখন তিনি মূলত দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুন করে শুরু করার কথা বোঝাতে চেয়েছিলেন। যা বাংলাদেশের সব প্রধান প্রতিষ্ঠান ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তিনি বাংলাদেশের গৌরবময় ইতিহাস মুছে ফেলার কথা বলেননি।

এক বিবৃতিতে একথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিবৃতিতে বলা হয়, কিছু মানুষ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। ৮ আগস্ট যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ঢাকায় আসেন, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বে হওয়া গণ-আন্দোলন আমাদের দ্বিতীয় মুক্তি -- প্রথম মুক্তি হচ্ছে ১৯৭১ সালের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ।

বিবৃতিতে আরো বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে অধ্যাপক ইউনূস টেনেসি রাজ্যের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার পরপরই বাংলাদেশ সিটিজেনস কমিটি গঠন করেন, যা মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য রাজি করানোর উদ্দেশে প্রচারণা চালায়। তিনি নিউজলেটার প্রকাশ করেন, যার মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশের ওপর চালানো গণহত্যার তথ্য সারা বিশ্বে ছড়িয়ে দেন।