নতুন বেতন কাঠামো বাস্তবায়ন দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন জমজম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, আশপাশের সব কারখানা বেতন বাড়িয়েছে। তাদের বেতন ৭ হাজার টাকা রয়ে গেছে। বেতন কম, তাও আবার সময়মতো দেয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার ও জিএমের কাছে গেলে তারা কোনো গুরুত্ব দেননি।

কারখানার অপারেটর জুনায়েদ জানান, তারা নতুন কাঠামোয় বেতনের দাবি জানিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তারা।

মাওনা হাইওয়ে থানার এসআই ইসমাইল হোসেন জানান, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তারা মহাসড়ক থেকে সরে যান।