গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি শাওনকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের খালিশকারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এদিন বিকালে র্যাব-১১ নরসিংদীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বিদ্রোহ হয়। বন্দীরা বৈদ্যুতিক খুঁটি দিয়ে মই বানিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় ২০৩ জন বন্দি পালিয়ে যান। গুলি চালালে ছয় আসামি নিহত হন। পরে সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পালিয়ে যাওয়া আসামিদের একজন শাওন। পালানোর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব-১১ নরসিংদীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, শাওনের বিরুদ্ধে পলাশ থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।










