রো রো ফেরির জন্য ঘাটসঙ্কট ও বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের অবস্থা। আজ সোমবার সকাল থেকে এই ফেরিঘাট এলাকার আটকে আছে আটশতাধিক যানবাহন। যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়া ঘাট এলাকার অন্তত ৮ কিলোমিটার এলাকায় ব্যাপট জট দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের জিরো পয়েন্ট থেকে চার কিলোমিটার ও ঘাট থেকে বারো কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় এলাকায় আরো চার কিলোমিটার এলাকায় ঘাট পার হতে শত শত যানবাহন অপেক্ষায় রয়েছে।

পণ্যবাহী ট্রাকের চালকরা জানান, সকাল থেকে বেলা পড়ে গেলেও তারা ঘাটের নাগাল পাচ্ছেন না। পুরো দিন লেগে যাচ্ছে ঘাটে পৌঁছাতে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক জামাল উদ্দিন বলেন, মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘাট সঙ্কট, শিমুলিয়া বাংলাবাজার বন্ধ; যে কারণে জানজট তৈরি হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। তবে অগ্রাধীকারভিত্তিতে পার করানো হচ্ছে যাত্রিবাহী বাস ও প্রাইভেটকার।