ময়মনসিংহ বিভাগের চার জেলায় ২৮ শতাংশ ভোট কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের ২৪টি আসনে ১৪৩ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এখানে ৩ হাজার ৭৭ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১ হাজার ৮৬২ কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’, যা মোট ভোট কেন্দ্রের ২৮ শতাংশ। গতকাল ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মো. আবিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের মতে, যেসব কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ বলা হচ্ছে, আগে সেগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হতো। বেশ কয়েকটি বিষয় বিবেচনা করে এ তালিকা করা হয়। এর মধ্যে রয়েছে যে কেন্দ্রে ভোটার বেশি, কোনো প্রার্থীর বাড়ির কাছে ভোট কেন্দ্র কিনা, প্রভাব বিস্তারের আশঙ্কা, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ মো. আবিদ হোসেন জানান, ময়মনসিংহ জেলার ১১টি আসনে ১ হাজার ৩৬০টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭২০টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’, নেত্রকোনার ৬৭৩টির মধ্যে ৪৩৬টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’, জামালপুরের ৬২০ কেন্দ্রের মধ্যে ৪১৮টি ‘গুরুত্বপূর্ণ’ এবং শেরপুরের ৪২৪টি কেন্দ্রের মধ্যে ২৮৮টি ‘গুরুত্বপূর্ণ’।
ডিআইজি জানান, বিভাগের ২৪টি আসনে ৯৫ লাখ ৬৫ হাজার ২২২ মানুষ ভোট দেবে। এর মধ্যে পুরুষ ভোটার ৪৫ লাখ ৫ হাজার ৫৫৮ জন ও নারী ভোটার ৪৭ লাখ ৫৯ হাজার ৫৭২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯২ জন। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্যের পাশাপাশি এক বা দুজন করে পুলিশ সদস্য থাকবে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করবেন বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা। কেন্দ্রে কেউ প্রভাব খাটাতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।










