বণিক বার্তায় প্রতিবেদন প্রকাশের পর লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট নদী পাড়ে ভাসমান জেলেপল্লীর শতাধিক পরিবারের মাঝে খাদ্যসহায়তা দেয়া হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ উদ্যোগে জেলেপল্লীর শতাধিক পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যদ্রব্য বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। তার দেয়া খাদ্যসহায়তায় চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুনসহ পুরো এক সপ্তাহের সামগ্রী রয়েছে।
এ সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সৈয়দ বাপ্পী ও জেলা যুবলীগের সহসভাপতি আবদুজ্জাব্বার লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু বলেন, ‘সারা দেশে নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের কার্যক্রম স্থগিত রয়েছে। বণিক বার্তা পত্রিকার প্রতিবেদনের মাধ্যমে সুবিধাবঞ্চিত জেলেপল্লীতে হাহাকারের বিষয় জানতে পারি। পরে রাতেই জেলেপল্লীর প্রত্যেক পরিবারের জন্য চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুনসহ পুরো সপ্তাহের খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। এটা আমার পক্ষ থেকে সামান্য চেষ্টা।’
একই সঙ্গে দুর্যোগ মুহূর্তে দিনমজুর ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ‘মৌসুমি নিষেধাজ্ঞা ও করোনায় কর্মহীন জেলেপল্লীতে হাহাকার’
শিরোনামে গত মঙ্গলবার বণিক বার্তায় সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।










