সতের বছরের অনাচারে দেশের চলচ্চিত্রশিল্প ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, চলচ্চিত্রশিল্পের বর্তমান অবস্থা রুগ্ণশিল্পের চেয়েও খারাপ। এ শিল্পকে পুনরুজ্জীবিত করতে রাঙ্গামাটি জেলা আধুনিক তথ্য কমপ্লেক্সে ৬০ আসনের একটি মিনি-সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে রাঙ্গামাটি শহরের ট্রাইব্যাল আদাম বটতলা এলাকায় ‘রাঙ্গামাটি জেলা আধুনিক তথ্য কমপ্লেক্স’ নির্মাণকাজের ভিত্তি স্থাপন উদ্বোধন শেষে বনরূপা এলাকার মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও প্রযুক্তির অপব্যবহারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি গুজবের দেশে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে যা মনে আসে তা লিখছে। এআইয়ের অপব্যবহার করে মানুষের চরিত্রহননসহ বিভিন্ন ধরনের অপকর্মেও অপরাধীরা যুক্ত হচ্ছে। তথ্য কমপ্লেক্সে ফ্যাক্টচেকিং ডিপার্টমেন্ট চালু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে এসব অপকর্ম থেকে সুরক্ষা এবং সামাজিক অবক্ষয় রোধে ভূমিকা রাখবে।

পার্বত্য প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী তিনটি কমিটি গঠন করেছেন, যাতে এ এলাকার যত ধরণের সমস্যা আছে এগুলো সমাধানে একটা বাস্তব পদক্ষেপ নেয়া যায়। গত তিনদিন ধরে আমি খাগড়াছড়ি, সাজেক এবং এখন রাঙ্গামাটি আছি। এটার কারণ হচ্ছে উনি চান আমরা দায়িত্বে আছি তারা যেন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কী প্রয়োজন সেটা অনুভব করি এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. শাহ আলমের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আব্দুর রহমান, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা, জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিকসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে ২৬টি জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে রাঙ্গামাটি জেলা অন্যতম। শুধুমাত্র অবকাঠামোগত সুবিধা নয়, এ তথ্য কমপ্লেক্সে অফিস ও অবকাঠামোর পাশাপাশি থাকবে বিভিন্ন আইসিটি সুবিধাও। ডিজিটাল ল্যাব, ডিজিটাল আর্কাইভ, ফ্যাক্টচেকিং ডিপার্টমেন্ট, মাল্টিপারপাস হল বা একটা সিনেপ্লেক্স থাকবে। রাঙ্গামাটির তথ্য কমপ্লেক্সটি হবে ৫ তলা ভিতবিশিষ্ট, মোট আয়তন ১৪ হাজার ৬২০ বর্গফুট।

প্রকল্প সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলা আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার টাকা। প্রকল্পের মেয়াদকাল দুই বছর।