স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একশ টাকা দিয়ে ভোট কিনে চলে যাবেন।
সেই দিন এখন আর নেই, মানুষ এখন বোঝে। কারণ মানুষ এখন শিক্ষিত হয়েছে, মানুষ জানে কোথায়
ভোট দিতে হবে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে অসহায়-দরিদ্র
মানুষের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত চেক বিতরণ অনুষ্ঠানে
তিনি এ সব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, কোথায় উন্নয়ন আছে মানুষ সে বিষয়গুলো জানে। উন্নয়নের
মাধ্যমে ভোটের দাবিদার হতে হবে। প্রমাণ করতে হবে মানুষের উন্নয়নে কাজ করেছি এবং আমি
মানুষের বন্ধু। সে জন্যই আমি ভোটের দাবিদার। নির্বাচনের সময় একটা অচেনা অজানা লোক এসে
ভোট দাবি করবে আর ভোট পাবে সেটা আর সম্ভব না, মানুষ এখন সব বোঝে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত
রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে গরিব অসহায় মানুষদের সেবা করতে বারবার দরকার শেখ হাসিনার
সরকার।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার গরিব অসহায়, ছিন্নমূলের মানুষকে বিভিন্ন
ধরনের ভাতা সুবিধা দিয়ে যাচ্ছে। বিগত কোনো সরকারের আমলেই এমন সুবিধা পায়নি অসহায় মানুষ।
আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এসব ভাতা দ্বিগুণ হয়ে যাবে। এজন্য দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয় করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো. রমজান আলী। অনুষ্ঠানে আরো
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্যানেল মেয়র আব্দুর
রাজ্জাক রাজা ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনিসহ অনেকে।










