পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকায় পৌঁছেছে সুন্দরবন এক্সপ্রেস। গতকাল বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টায় খুলনা স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। গন্তব্যে পৌঁছায় আজ ভোর সাড়ে ৫টায়।

যাত্রাপথে যে সব স্টেশনে ট্রেনটি থেমেছিল সেখানে সাধারণ মানুষের সমাগম ঘটে।

রাত সোয়া ১টা নাগাদ কুষ্টিয়া কোর্ট স্টেশনে থামে ট্রেনটি। সেখানে দেড় মিনিট বিরতি নেয়। স্টেশনে যাত্রী ছিলেন ৫০ জনের মতো, তবে উৎসুক জনতা ছিলেন কয়েকশ’।

কুষ্টিয়া থেকে উঠা যাত্রী স্বপন হোসেন বলেন, এটি অনেকটা স্বপ্নের মতো। বিশেষ করে পদ্মা সেতু পার হবে ট্রেন এটা কল্পনাও করতে পারছি না। সেই যাত্রার সঙ্গী হতে পেরে ইতিহাসে স্থান পেয়েছি মনে হচ্ছে।

সুন্দরবন এক্সপ্রেস দেখতে আসা ব্যক্তিদের একজন কুষ্টিয়া পাবলিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শাহনাজ পারভীন। মধ্য রাতে তিনি জানান, পদ্মা সেতু দেখতে গিয়েছিলেন গাড়ি ভাড়া করে। শুনেছিলেন এর ওপর দিয়ে ট্রেন যাবে। সেই ট্রেনে যাত্রী হতে না পারলেও ‘দেখা মিস করতে চাইনি’ বলে জানান। শিগগিরই যাত্রী হতে চান তিনি।

নাম প্রকাশ না করে ট্রেনে থাকা এক কর্মকর্তা জানান, বিভিন্ন স্টেশনেই সাধারণ মানুষ দেখা গেছে যারা শুধু ট্রেনটি দেখতে অপেক্ষা করেছেন। এ কারণে চলাচলের সময়েও কিছুটা দেরি হয়েছে।

তিনি জানান, কুষ্টিয়া কোর্ট স্টেশনে ১২ মিনিট দেরিতে এসেছে সুন্দরবন এক্সপ্রেস। সাধারণ মানুষের আবেগকে সম্মান জানাতে কোথাও কোথাও একটু বেশি দাঁড়াতে হয়েছে। 

এর আগে খুলনা রেল স্টেশনের মাস্টার মাসুদ রানা জানান, সুন্দরবন এক্সপ্রেস রুট পরিবর্তন করে পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাচ্ছে। এই পরিবর্তনের ফলে আগের তুলনায় যাত্রী সংখ্যা বাড়বে। প্রথম যাত্রায় ২২৫ জন যাত্রী নিয়ে খুলনা ছেড়েছে।

ট্রেন ছাড়ার সময় ও ভাড়া

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে রাত পৌনে ১০টায় ছেড়ে যাবে সুন্দরবন এক্সপ্রেস, ঢাকায় পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। অপরদিকে ঢাকা থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে ৩টা ৫০ মিনিটে খুলনায় এসে পৌঁছাবে।

সুন্দরবন এক্সপ্রেসে ১৩টি কোচ রয়েছে। রাতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন ট্রেনে আসন ৮৬০টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২টি, এসি বার্থ ৪৮টি ও স্নিগ্ধা ৩২০টি। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনে আসন সংখ্যা ৯০৮টি। এর মধ্যে শোভন চেয়ার ৪৯২, এসি সিট ৯৬ ও স্নিগ্ধা ৩২০টি। খুলনা থেকে ঢাকা পর্যন্ত ভাড়া (ভ্যাট ছাড়া) শোভন চেয়ার শ্রেণীর ভাড়া ৫০০ টাকা, প্রথম সিট শ্রেণীর ভাড়া ৬৬৫ টাকা, প্রথম শ্রেণীর বার্থ ৯৯৫ টাকা, স্নিগ্ধা ৮৩০ টাকা, এসি সিট ৯৯৫ টাকা ও এসি বার্থ ভাড়া ১৪৯৫ টাকা।