শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষা ব্যবস্থায় শুধু পরিবর্তন নয়, এখন রূপান্তরের কথা বলছি। আমরা দেশের শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছিলাম। কারণ এখন আর পরিবর্তন দিয়ে কোনো কাজ হবে না। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষা ব্যবস্থায় একটা রূপান্তর ঘটাতে হবে। আর সেই রূপান্তর ঘটানোর জন্য আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে আসছি।’
গতকাল দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এখন শিক্ষার্থীরা করে করে শিখবে, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভয় থাকবে না, আমরা চাই আনন্দময় শিক্ষা হবে।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার এবং তার সার্বিক নির্দেশনায় আমরা শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছি। আমরা চাঁদপুরেও প্রযুক্তিকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কয়েক দিন আগে উদ্যোগ নিয়েছি। এখানে পাইলট হিসেবে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নেয়া হয়েছে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের ১০ জন করে ৩০ জন শিক্ষার্থীকে রোবোটিকস শেখানো হবে।’
মাতৃপীঠ বিদ্যালয় নিয়ে তিনি বলেন, ‘আমরা যে সোনার বাংলা অর্থাৎ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই তার সবই সম্ভব আমাদের এ শিক্ষার্থীদের সঠিকভাবে সঠিকপথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ই পারে সঠিকভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে। কারণ গত ১০০ বছরে এ প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে দেশ ও বিদেশে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন।’
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সখিনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। শতবর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যালয়ের কয়েক হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আমন্ত্রিত অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।










