খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত। শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৮ জন।

বৃহস্পতিবার এই ভাইরাসের রেকর্ড ১ হাজার ৩৩২ জনের শনাক্ত এবং ২৩ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।

তিনি আরো বলেন গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়া ও যশোরে। এ সময় কুষ্টিয়ায় পাঁচজন, যশোরে পাঁচজন, খুলনায় দুজন, ঝিনাইদহে একজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৯৬৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৩ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ১২৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, একদিনে খুলনায় শনাক্ত হয়েছেন ১৭২ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩৩৩ জন। এ সময় মারা গেছেন ২৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৩৩ জন।