জয়পুরহাটে চলন্ত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে জেসমিন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকালে জেলা শহরের ধানমন্ডি এলাকায় পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সকালে গৃহবধূ তার বোনকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি হানাইল থেকে বাবার বাড়ি নীলফামারীর উদ্দেশে বের হন। তারা দুই বোন জয়পুরহাট রেলস্টেশনে আসার উদ্দেশে একটি ইজিবাইকে চড়েন। সকাল সাড়ে ৯টায় ইজিবাইকটি জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় পৌর কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে গৃহবধূর ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে ওড়ানায় ফাঁস লেগে তিনি সড়কের ওপর পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।