লক্ষ্মীপুর জেলা কারাগারে রুহুল আমিন (৫৫) নামে এক হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুহুল আমিন কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের সাইখ আহম্মদের ছেলে।

জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, প্রতারণা মামলায় গত ২৬ জুলাই আদালত রুহুল আমিনকে কারাগারে পাঠায়। শনিবার ভোর রাতে হঠাৎ বুকে ব্যথা উঠে হাজতি রুহুল আমিন অসুস্থ হয়ে পড়েন। এতে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বুকে ব্যথা নিয়ে হাজতিকে হাসপাতালে আনা হয়। এটি হার্ট অ্যাটাক ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।