আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধকরণ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ, সংবিধান বাতিলসহ ৫ দফা দাবি পেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে ৫ দফা দাবি পেশ করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

দাবিগুলো হলো- বিদ্যমান সংবিধান অনতিবিলম্বে বাতিল করে ২৪ এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন সংবিধান লেখা; ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ থেকে আজীবন নিষিদ্ধ করা; রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে এ সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বাধ্য করা; জুলাই বিপ্লবের আলোকে ‘প্রোকলেমেশন অব রিপাবলিক’ ঘোষণা করা এবং ২০১৪ সাল, ২০১৮ সাল এবং ২০২৪ সালের দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করা। এ তিন নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তারা যেন কখনো বাংলাদেশে নির্বাচন করতে না পারে, সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সপ্তাহের মধ্যে আমাদের ৫ দফা দাবি না মানা হলে আমরা আবার রাজপথে নেমে যাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, আগামী বৃহস্পতিবারের (৪৮ ঘণ্টা) মধ্যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, আমরা এ শহীদ মিনার থেকে বিপ্লব শুরু করেছিলাম। সে বিপ্লবের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। আর এখন আপনি রাষ্ট্রপতি হিসেবে জনতার সঙ্গে প্রতারণা করছেন। আপনি ৫ আগস্ট যা বলেছেন, তা এখন কার নির্দেশে ভুলে গিয়ে নতুন কথা বলছেন? আমরা স্পষ্ট বলে দিতে চাই—খুনি হাসিনা যেভাবে পালিয়েছে, চুপ্পুকেও পালাতে হবে। দেশের প্রশ্নে, দশের প্রশ্নে বিপ্লবীরা সব সময় মাঠে আছে।

গণজমায়েতে সমন্বয়ক সারজিস আলম বলেন, আবারো যদি প্রয়োজন হয়, আমরা আমাদের চোখ দিতে প্রস্তুত, পা দিতে প্রস্তুত, হাত দিতে প্রস্তুত, এমনকি জীবন দিতে প্রস্তুত আছি। ফ্যাসিস্ট দল ছাত্রলীগ যেভাবে আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের উত্থান সহ্য করা হবে না। চুপ্পুর এই নয়ছয় কোনোভাবেই মেনে নেয়া হবে না। খুনি হাসিনার মতো তাকেও দেশ ছেড়ে পালাতে হবে।