রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ৮০০ গ্রামের একটি বাঘাইড় মাছ। আজ রোববার ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল হলদারের জালে মাছটি ধরা পড়ে। ৬৬ হাজার ২৩০ টাকায় বিক্রি হয়েছে মাছটি।
জেলে খলিল হলদার জানান, রোববার ভোর রাতে তিনিসহ তার দল পদ্মায় মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে মাছের দেখা না পেয়ে কলাবাগান এলাকায় জাল ফেললে সেখানে জালে আটকা পড়ে বিশাল আকৃতির বাগাইড় মাছ।
তিনি আরো বলেন, সকালে মাছটি দৌলতদিয়ার রেজাউল মন্ডলের আড়তে বিক্রির জন্য আনা হয়। সেখানে মাছটির ওজন হয় ৩৫ কেজি ৮০০ গ্রাম। সে সময় উন্মুক্ত নিলামে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬০ হাজার ৮৬০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে মুঠোফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এক কাতার প্রবাসীর কাছে ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৬৬ হাজার ২৩০ টাকায় বিক্রি করা হয়।
রাজবাড়ী বন বিভাগের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, বাঘাইড় মাছ বিলুপ্তিপ্রায় হওয়ায় এই মাছ ধরা, বিক্রি করা ও সংরক্ষন করা নিশেধ। প্রকাশ্যে বাগাইড় বিক্রির কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।










