ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করল স্বাগতিক জার্মানি। প্রথমার্ধে তিনটি ও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে স্বাগতিকরা। জার্মানির হয়ে গোল করেন ফ্লোরিয়ার ভির্টজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফুলক্রুগ ও এমরে চ্যান।

৪৫ মিনিটে রায়ান পোর্টিয়াস লালকার্ড দেখলে দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই ১০ জন নিয়ে খেলতে হয় স্কটল্যান্ডকে। এ সুযোগ কাজে লাগিয়ে আরো দুটি গোল আদায় করে নেয় হুলিয়ান নাগেলসম্যানের দল। যদিও একেবারে শেষ দিকে আন্তোনিও রুডিগার ভুলক্রমে নিজেদেরই জালে বল পাঠালে আত্মঘাতী গোলটি পেয়ে যায় স্কটল্যান্ড।

মিউনিখ অলিম্পিক স্টেডিয়ামে বিপুল দর্শক সমর্থন পেয়ে উজ্জীবিত জার্মানদের কাছে পাত্তাই পেল না স্কটিশরা। ১০ মিনিটের মাথায় ভির্টজ গোল করে এগিয়ে দেন জার্মানিকে। মুসিয়ালার গোলে ১৯ মিনিটে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন হাভার্টজ। দ্বিতীয়ার্ধে ফুলক্রুগ (৬৮ মিনিট) ও এমরে চ্যান (৯৩ মিনিট) লক্ষ্যভেদ করলে বড় জয় নিশ্চিত হয় জার্মানির। 

জার্মানরা কতটা আধিপত্য করেছে তা এ পরিসংখ্যান থেকেই বোঝা যায়—নির্ভুল পাস ৯৪ শতাংশ, আক্রমণ ৪৩টি, গোলপ্রচেষ্টা ১৯টি, সম্পন্ন হওয়া পাস ৬৫৫। অথচ প্রতিপক্ষ স্কটল্যান্ড পাস দিয়েছে ১৯৩টি। জার্মানরা মোট ৯ কিলোমিটার দৌড়েছেন মাঠে। 

গতকাল রাতে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হয় হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। এছাড়া ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় স্পেন-ক্রোয়েশিয়া ও ইতালি-আলবেনিয়া। 

এবারের আসরে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া এবং ‘ডি’ গ্রুপে ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও অস্ট্রিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে। 

ইউরোয় আজ রয়েছে তিনটি ম্যাচ। সন্ধ্যায় ‘ডি’ গ্রুপ ম্যাচে পোল্যান্ড মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, রাত ১০টায় ‘সি’ গ্রুপ ম্যাচে স্লোভেনিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক এবং রাত ১টায় ইংল্যান্ড খেলবে সার্বিয়ার বিপক্ষে। 

ইউরোয় তিনবার করে শিরোপা জিতেছে জার্মানি ও স্পেন। ইতালি ও ফ্রান্স জিতেছ দুবার করে। বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ২০২০ সালের আসরে ওয়েম্বলি ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দেয় আজ্জুরিরা।