খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় ঘোষণা করেন দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রুমেন্দ্র ত্রিপুরা ওরফে রুমেন, ত্রিরণ ত্রিপুরা ও কম্বল ত্রিপুরা। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুনরায় জেলহাজতে প্রেরণ করা হয়। কম্বল ত্রিপুরা নামে অন্য এক আসামি পলাতক থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ মে রাতে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের বড় পাড়া এলাকায় মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। ধর্ষণের আগে কিশোরীর মাকে ফোন করে তারা। পরদিন সকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে তিন যুবককে আসামি করে সদর থানায় মামলা করে। তদন্তের পর পুলিশ একই বছর ২৮ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। দ্রুত আদালতের রায় কার্যকরের দাবি জানান তিনি।