ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে শেখ হাসিনার নির্দেশেই গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এজন্য হাদির মামলায় শেখ হাসিনাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত বলে দাবি করেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আলাইপুরে এ বিষয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে নাটোর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাদীর ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুলু বলেন, তারা চায় না এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচন বানচালের জন্য তারা আবারো ষড়যন্ত্র শুরু করেছে। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, রাজশাহী, নাটোরসহ উত্তরঞ্চলের বেশ কিছু এলাকায় চরমপন্থিরা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা যেকোনো সময় অঘটন ঘটাতে পারে। তাই এ অঞ্চলের সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।