কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে
প্রবেশ করা এক বিএসএফ সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্থানীয়ারা। ওই ব্যক্তির
নাম সনু কুমার জেটপ।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতের এ
তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের লে. কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম।
বিজিবি জানায়, প্রেমঘটিত ঘটনায় সীমান্তের
ওপরে গ্রামবাসীর ধাওয়া খেয়ে বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট গ্রামের দিকে চলে আসেন সনু
কুমার।
ভুরুঙ্গামারী সোনাহাট বিওপির সীমান্ত পিলার
১০০৭ এমপি থেকে বাংলাদেশের ৩০০ গজ অভ্যন্তরে তাকে আটক করে স্থানীয়রা। পতাকা বৈঠকের
মাধ্যমে সনু কুমারকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সনু কুমার ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া
বিএসএফ ক্যাম্পে দায়িত্বরত কনস্টেবল। স্থানীয় জনতা তাকে আটক করে সোনাহাট বিওপিতে সংবাদ
দেয়। পরে সোনাহাট ও বাবুরহাট বিওপির টহলরত সদস্যরা ঘটনাস্থলে পৌছে বিএসএফ সদস্যকে আটক
করে।
আটকের সময় ওই বিএসএফ সদস্য ক্যামোফ্লাইজ
টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ছিলেন। তিনি মদ্যপ ছিলেনও বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম বিজিবির পরিচালক আব্দুল মোত্তাকিম
জানান, আটক বিএসএফ সদস্যকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রমে
প্রক্রিয়াধীন রয়েছে।
রাতেই তাকে হস্তান্তরের কথা ছিল।










