জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বর্তমান সরকার চায় দেশের প্রতিটি মানুষ যেন নিরাপদে থাকে। শান্তিশৃঙ্খলা ও সম্মানের মধ্যে রাখার চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে।
গতকাল দুপুরে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকার চায় দেশের প্রত্যেক নাগরিক যেন উন্নত জীবন-যাপন করতে পারেন। এক্ষেত্রে যেন নারী সমাজও পিছিয়ে না পড়ে। এজন্য সরকার নারীদের বিভিন্নভাবে প্রশিক্ষিত করে গড়ে তুলছে। প্রতিটি উপজেলায় মহিলা অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি সংস্থার মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড ইব্রাহিম শাহীন প্রমুখ।










