আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। আগামী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
সোমবার (১২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে যোগদান করে এ পদে দায়িত্ব পালন করবেন। অন্য প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। চুক্তির বিস্তারিত শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রে নির্ধারিত হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কর কমিশনার হিসেবে কর্মরত আছেন।










