প্রতিষ্ঠার শুরু থেকে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৬১ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা। শনিবার (২৪ জুন) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪০তম বাজেট অধিবেশনে কোষাধ্যক্ষের বাজেট বক্তব্য থেকে এ তথ্য জানা যায়।

কোষাধ্যক্ষ বলেন, ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত এবং ২০২৩-২০২৪ অর্থবছরের মূল বাজেটে বিভিন্ন বিভাগ, হল ও অফিসের চাহিদা অন্তর্ভুক্ত করে ৩৪৬ কোটি ১৯ লাখ টাকার সংশোধিত এবং ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকার মূল (ব্যয় বরাদ্দের) চাহিদা বাজেট বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হয়। ইউজিসির পরীক্ষা টিম বাজেট মূল্যায়ন করে।

পরীক্ষা নিরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক সংশোধিত বাজেটে ২৮০ কোটি ১ লাখ টাকা এবং মূল বাজেটে ২৯৪ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান তিনি। সংশোধিত বাজেটে অর্থাৎ অনুমিত বার্ষিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১৬ কোটি টাকা, মূল বাজেটে অনুমিত বার্ষিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১২ কোটি টাকা এবং ক্রমপুঞ্জিত ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২০২২-২০২৩ অর্থবছরে ৬১ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা এবং ২০২৩-২০২৪ অর্থবছরে  ৭৩ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা।