নরসিংদীতে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গুরুতর দগ্ধ শ্রমিকেরা হলেন দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) ও সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এছাড়া দগ্ধদের তালিকায় আরো চার শ্রমিক রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, পাঁচদোনা এলাকায় দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির কাজ চালিয়ে আসছে একটি চীনা প্রতিষ্ঠান। সকালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ কারখানায় আগুন ধরে যায়। এতে সাতজন শ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দেন এবং তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে সাতজন অগ্নিদগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের শরীরের প্রায় ৬০ ভাগ ও একজনের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চারজনকে সাধারণ চিকিৎসা দেয়া হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. এমদাদুল হক বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।