বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি ‘রেসপন্স’ (সাড়া দেওয়া) করতে পারছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি (খালেদা জিয়া) গ্রহণ করতে পারছেন এবং সেটি নিয়ে উনি সত্যিকার অর্থে সাড়া দিচ্ছেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানান জাহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান মেডিকেল বোর্ডের এ সদস্য। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, উনি (খালেদা জিয়া) একজন রোগী।...ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসেবে সকল কিছুই আপনাদের কাছে আমি প্রকাশ্যে বলে দেয়া...এটি মেডিকেল সায়েন্সে কোনো অবস্থাতেই পারমিট করে না।’

প্রসঙ্গত, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। তার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে বলে মেডিকেল বোর্ডের একটি সূত্র জানিয়েছে। তিনি জানিয়েছেন, কিডনির সমস্যার কারণে খালেদা জিয়ার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, সেটি বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে, ফুসফুসেরও উন্নতি আছে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। এ ছাড়া নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার তারিখ পেছানো হয়।