গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটানো। একই সঙ্গে রাষ্ট্রকে যে পকেটে ঢুকিয়ে ফেলা যায়, সেটা বাতিল করা। আর কেউ যাতে বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রের প্রতিষ্ঠানকে পকেটে ঢুকিয়ে ফেলতে না পারে। ’
গতকাল বিকালে খুলনার শিববাড়ী মোড়ে আয়োজিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন দিলে হেরে যাবে এই ভয়ে তারা (বিগত সরকার) পুরো ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চেয়েছিল। কেন একজন ব্যক্তি চাইলেই ক্ষমতা কুক্ষিগত করতে পারে? কেউ একজন চাইল আর ক্ষমতা কুক্ষিগত করে রাখল বছরের পর বছর, একটার পর একটা তামাশার নির্বাচন করে সে টিকে গেল! এর কারণ সে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে পকেটে ঢুকিয়ে ফেলেছিল। আমাদের দেশে যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে—পুলিশ, প্রশাসন, আইনকানুন, সংবিধান, সেনাবাহিনী—সবকিছু পকেটে ঢুকিয়ে ফেলেছিল। এভাবে পকেটে ঢুকিয়ে, জনগণের ওপর স্টিমরোলার চালিয়ে, ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তারা। দেশ উজাড় করে দিয়ে বিদেশীদের পায়ে ধরে ক্ষমতা রক্ষা করতে চেয়েছিল তারা।’
গণসংহতি আন্দোলন খুলনা জেলার সভাপতি মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন রাজনৈতিক পরিষদের সদস্য কৃষক নেতা দেওয়ান আব্দুর রশীদ নীলু, জাতীয় পরিষদের সদস্য মো. অলিয়ার রহমান শেখ, খালিশপুর উপজেলা আহ্বায়ক মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি সাকিবুল ইসলাম সাফিন প্রমুখ।
সমাবেশের আগে বন্ধ ২৬টি পাটকল-নিউজপ্রিন্ট-হার্ডবোর্ড মিলসহ খুলনার সব শিল্প-কারখানা চালুর দাবিতে পদযাত্রায় অংশ নেন দলের নেতাকর্মীরা। পদযাত্রাটি খুলনার খালিশপুর থেকে শিববাড়ী পর্যন্ত অনুষ্ঠিত হয়।










