বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও জেলা প্রশাসনে উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে দশদিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪ শুরু হয়েছে ফরিদপুরে। শুক্রবার (১ মার্চ) শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ৩৫টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ কে আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে আজাদ বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করে তোলা গেলে এ খাতে বেশি উন্নয়ন হবে। আমরা বিশ্বাস করি, শুধু শিল্প খাত নয়, আগামী কয়েক বছরের মধ্যে সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে।

প্রধান অতিথি আরো বলেন, ফরিদপুর বিসিক শিল্পনগরীকে সক্রিয় করতে হবে, প্রয়োজনে উদ্যোক্তাদের সহযোগিতা করে দাঁড় করাতে ভূমিকা রাখতে হবে। তবেই এ জাতীয় উদ্যোগ সফল হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক অঞ্চলিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন ও বিসিক কর্মকর্তা মানছুরুল করিমসহ আরেআ অনেকে।

মেলায় ৩৫টি স্টলে সিল্কের শাড়ি, থ্রিপিস, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলায় বিক্রি হচ্ছে বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধুও। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে মেলা।