ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চারজন। একই সময় ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাছে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানায় গজারিয়া হাইওয়ে পুলিশ।

আজ রোববার (৪ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে মহাসড়কের বাউশিয়া বক্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও আহতদের স্বজনরা জানান, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কাতার প্রবাসীসহ আরো ৫ জনকে নিয়ে কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর এলাকায় যাচ্ছিল মাইক্রোবাসটি।

ভোর রাত পৌনে ৪টার দিকে মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া বাউশিয়া এলাকায় আসলে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ভ ভ্যান ধাক্কা দেয়।

মাইক্রোবাসটি উল্টে গিয়ে পাশের ঢাকামুখী লেনে পড়ে যায়। এ সময় খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রোবাসের দুই যাত্রী দুলাল মিয়া (৫০) ও মোহাম্মদ হোসাইন (১০)।

নিহত দুলাল মিয়া উত্তর বলরামপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে ও মোহাম্মদ হোসাইন একই গ্রামের আক্তার হোসেনের ছেলে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে কাভার্ড ভ্যান, মাইক্রোবাসসহ শান্তি পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।