কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সৌরবিদ‌্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল সকালে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌরবিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে। বন্ধ হয়ে গেছে উৎপাদন। বিচ্ছিন্ন হয়ে গেছে ৪২০ পরিবারে বিদ‌্যুৎ সংযোগ। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে সৌরবিদ‌্যুৎ প্রকল্পের ব্যাটারির চার্জ অতিরিক্ত হওয়ায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রকল্পের ২৮৮টি ব্যাটারি, ২৭টি ইনভার্টার মেশিনসহ জিনিসপত্রও আগুনে ছাই হয়ে যায়। এতে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কানেশিয়া সোলার প্যানেল সৌরবিদ‌্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, সকালে ব্যাটারির অতিরিক্ত চার্জ হওয়ায় বিস্ফোরণ ঘটে। এতে মালপত্র পুড়ে প্রায় ৮-৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ প্রকল্প থেকে কোদালকাটি চরের ৪২০ পরিবারের মাঝে বিদ‌্যুৎ সরবরাহ করা হতো।