পিরোজপুরে বেকুটিয়া ফেরি ঘাটে কচা নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফির (৪০) মরদেহ ৪০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর ১২ দিকে পিরোজপুর সদর উপজেলার গাজীপুর মাদ্রাসা ঘাটের সামনে কচানদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বেকুটিয়া ঘাট থেকে ওই স্থানের দূরত্ব প্রায় সাত কিলোমিটার। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি ভোলার বোরহানুদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে। পিরোজপুর সদর থানার ওসি আজম মাসুদুজ্জামান জানান, সাতক্ষীরা-২ অঞ্চলের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা থেকে বরিশাল যাচ্ছিলেন। পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাটে নেমে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। গতকাল তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
সহকারী রাজস্ব কর্মকর্তা কাফির ব্যক্তিগত গাড়িচালক মো. ইব্রাহিম জানান, স্যারকে নিয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা থেকে বরিশালে যাচ্ছিলাম। বরিশালে স্যারের জন্মদিন পালন শেষে শুক্রবার স্যারকে নিয়ে ঢাকায় তাদের ইন্দিরা রোডের বাসায় যাওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে এ দুর্ঘটনা ঘটল।










