জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী নেতা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

মীর আরশাদুল হক আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে সদস্য পদ গ্রহণ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়েছেন।

আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবের পাশাপাশি দলটির নির্বাহী কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। এনসিপির পরিবেশ সেলের প্রধান ছিলেন তিনি। এ ছাড়া তিনি এনসিপির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন আরশাদুল হক। গত ২৫ ডিসেম্বর তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন আরশাদুল হক।