মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় নিহত হয়েছেন তিন শ্রমিক। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন। তারা সবাই পাইপ লাইনের কাজে যুক্ত ছিলেন ওই এলাকায়।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শফিক (৪৫), মো. আলম (৫০) ও মো. মাসুক (৩০)। আহত হয়েছেন  মো. মাজেদ (৩৫)।

প্রত্যক্ষদর্শী পাইপ লাইনে কর্মরত শ্রমিক মো. সোহেল রানা জানান, আজ সকালে তারা সবাই নাশতার পর কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আক্রান্ত শ্রমিকরা মহাসড়কে তাদের থেকে কিছুটা দূরত্বে ছিলেন। হঠাৎ পেছন থেকে একটি লরি এসে ধাক্কা দিলে সড়কেই তিন জনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার। তিনি বলেন, আমরা লরি জব্দ করেছি। শ্রমিকদের মরদেহ থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।