গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রৌমারীর জিঞ্জিরাম নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভেসে গেছে জিঞ্জিরাম নদীর ওপরের একটি কাঠের সাঁকো। এতে রৌমারী উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পড়েছে প্রায় ১১ গ্রামের ৩০ হাজার মানুষ। উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা এই কাঠের সাঁকোটি গত শনিবার (১৭ মে) পাহাড়ী ঢলে ভেঙে যায়।

ওই এলাকার বাসিন্দারা জানান, প্রায় ২০০ ফিট দীর্ঘ কাঠের সাকোঁটি রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া, বকবান্দা, ব্যাপাড়ীপারা, বকবান্দা নামাপাড়া, খেওয়ারচর, আগলারচর, ঝাউবাড়ী, পাঠাধোয়াপাড়াসহ ১১টি গ্রামবাসীর যাতায়াত ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র সড়ক। সাঁকোটি ভেঙে যাওয়ায় কৃষকের কৃষিপণ্য বাজারজাতকরণ, ধান, শাকসবজি, তরিতরকারি বাজারে আনা নেয়ার সমস্যা হচ্ছে। এছাড়াও স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় ৩০ হাজার লোকজন যাতায়াত করে থাকেন।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শনিবার জিঞ্জিরাম নদীর উপর থাকা কাঠের সেতুটি ভেঙে পড়ায় ৩০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। বিষয়টি আমি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

রৌমারীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে।