মাদারীপুরে ফুপুর বাড়ি বেড়াতে এসে আড়িয়ল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে জান্নাতুল আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রী। আজ শনিবার (৩ মে) দুপুরে শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জান্নাতুল আক্তার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাচিকাটা গ্রামের রনি ফকিরের মেয়ে। সে একটি স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, শুক্রবার বিকালে জান্নাতুল আক্তার ফুপা মনির শিকদারের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুর দেড়টার দিকে হালকা বৃষ্টির সময় ফুপাতো বোন মেঘলা আক্তারের সঙ্গে বাড়ির পাশে আড়িয়ল খাঁ-তে গোসল করতে নামে। গোসল শেষে মেঘলা নদী থেকে উঠে এলেও জান্নাতুল আর উঠে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জান্নাতুল সাঁতার জানত না। নদীর স্রোতে সে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে।

শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তপন সাহা বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। কিন্তু জান্নাতুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।