নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করছে পুলিশ।

রেল পুলিশ (জিআরপি), এসআরবি ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে মালামাল উদ্ধারে কাজ করছে। বর্তমানে জার্মান পর্যটক ক্রিল রাজশাহীতে জিআরপি পুলিশের হেফাজতে রয়েছেন।

নাটোর রেলওয়ে নিরাপত্তা কর্মী সেলিম হোসেন জানান, গতকাল বুধবার বিকাল ৩টার দিকে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন ক্রিল ল্যান্ডার উইবার। এ সময় ভেস্ট পরা এক যুবক তার সঙ্গে ছিলেন। পরে ক্রিল ভিআইপি বিশ্রামাগারে ওই যুবকের কাছে ব্যাগ রেখে টাকা তুলতে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে দেখতে পাননি।

ঘটনার পর ক্রিল নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। রাতে তিনি একটি অভিযোগ করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাটি রেলওয়ে এলাকার হওয়ায় ক্রিলকে রাজশাহী জিআরপিতে পাঠানো হয়েছে। তবে নাটোর পুলিশও বিষয়টি নিয়ে কাজ করছে।

রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রেন থেকে নামার সময় ওই যুবক ক্রিলের সঙ্গে ছিলেন। পরে বিকাল ৪টার দিকে ক্রিলের ব্যাগ নিয়ে ভেস্ট খুলে একতা এক্সপ্রেস ট্রেনে করে স্টেশন ত্যাগ করেন তিনি। এ সময় তার কাঁধে ব্যাগটি ছিল।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একজনকে শনাক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মালামাল উদ্ধারে নাটোর ও রাজশাহীর পুলিশ এবং জিআরপি কাজ করছে। দ্রুতই মালামাল উদ্ধার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।